কোকরাঝাড়, ১ ডিসেম্বর: বিটিসি সরকারের শিক্ষা দফতর এবং নর্থ-ইস্ট পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের যৌথ উদ্যোগে কোকরাঝাড়ের গ্রিন ফিল্ডে শুরু হচ্ছে উত্তর-পূর্ব জাতীয় বইমেলা ‘বড়োল্যান্ড-২০২৬’। ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ন’দিন চলবে এই বইমেলা।
১ ডিসেম্বর বিকেল ৩টেয় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু। বিটিসির মন্ত্রী, বিধায়ক, কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।
বইমেলার বিভিন্ন কর্মসূচিতে উত্তর-পূর্বাঞ্চলের সাহিত্য, ভাষা, সংস্কৃতি এবং বৌদ্ধিক চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ ডিসেম্বর উদীয়মান প্রযুক্তি ও শিক্ষা, অর্থনীতি এবং টেকসই জীবিকা নিয়ে আলোচনা হবে। ৪ ডিসেম্বর আলোচনার বিষয় উত্তর-পূর্বাঞ্চলের সাহিত্য ও অনুবাদ।
৫ ডিসেম্বর বিটিসির সফল নারীদের সংবর্ধনা এবং নারী ক্ষমতায়ন নিয়ে বিশেষ আলোচনা হবে। ৬ ডিসেম্বর পড়ুয়াদের জন্য চিত্রাঙ্কন, বক্তৃতা ও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৭ ডিসেম্বর জাতীয় শিক্ষানীতি, বিকশিত ভারতের যাত্রা, স্থানীয় জ্ঞানব্যবস্থা এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা হবে।
৮ ডিসেম্বর বড়ো ভাষা ও সাহিত্য এবং ডিজিটাল যুগে ভাষা-প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনা হবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে একাঙ্কিকা নাটক, দলীয় নৃত্য, গল্প বলা, মিমিক্রি, একক নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা হবে।
৯ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের পরিবহণ ও কল্যাণ দফতরের মন্ত্রী চরণ বড়ো। বিকেল ৪টে থেকে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৬টা থেকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক কমিটির লক্ষ্য, এই বইমেলার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সাহিত্য, জ্ঞান, ভাষা ও বৌদ্ধিক ঐতিহ্যকে একটি অভিন্ন মঞ্চে আনা এবং কোকরাঝাড়ে সুস্থ পঠন-সংস্কৃতি গড়ে তোলা।