মার্ঘেরিটা, ২৮ নভেম্বর: মার্ঘেরিটা মহকুমার ৩ নম্বর মাকুম পথারস্থিত মাছেগাঁও বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু তথা বিশিষ্ট বহুভাষাবিদ পণ্ডিত পূজ্য এ. পান্নাচারা ভিক্ষু আজ ভোর ৫টায় প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে গোটা অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমেছে।

দেশি-বিদেশি মিলিয়ে ১৫টিরও বেশি ভাষায় পারদর্শী ছিলেন তিনি। ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি। চিংফৌ ভাষার অভিধান রচনাও তাঁর উল্লেখযোগ্য অবদানগুলির অন্যতম।

তাঁর নেতৃত্বেই বিহার চত্বরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ‘পান্নাচারা বিদ্যাপীঠ’ গড়ে উঠেছিল। জ্ঞানচর্চা, সাধনা ও মানবসেবায় নিবেদিত এই ধর্মগুরুর প্রয়াণে এলাকার শিক্ষাজগৎ ও আধ্যাত্মিক পরিসরে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই পূর্বাঞ্চল ভিক্ষু সংঘের সভাপতি-সহ অসম ও অরুণাচল প্রদেশের বহু ভিক্ষু এবং ভক্ত শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী ড. চাওনা মেইন, বিভিন্ন ভিক্ষু সংঘ, পূর্বাঞ্চল বৌদ্ধ সংঘ, ছাত্রসমাজ, সুরভী মহিলা সমিতি এবং বিচা রাজা মুঙদাং গাম চিংফৌ-সহ বহু ব্যক্তি ও সংগঠন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।