কোহিমা: নাগাল্যান্ডে ২০ থেকে ২৪ বছর বয়সি ৫.৬ শতাংশ মহিলার বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়েছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫-এর তথ্য তুলে ধরে শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের সমাজকল্যাণ সচিব লিমাওয়াবাং জামির।
শিশু, অল্পবয়সি ও জোরপূর্বক বিয়ের অবসান সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি, ৭.৩ শতাংশ। শহরাঞ্চলে হার ২.৪ শতাংশ।
বাল্যবিবাহের পাশাপাশি কিশোরী বয়সে গর্ভধারণও উদ্বেগের বিষয় বলে জানান জামির। তাঁর মতে, এ ক্ষেত্রে ধারাবাহিক জনসচেতনতা এবং স্থানীয় স্তরে প্রতিরোধমূলক পদক্ষেপ জরুরি। রাজ্যের ১৭টি জেলাতেই বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিক নিয়োগ করা হয়েছে। মিশন শক্তির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির মাধ্যমে মেয়েদের শিক্ষায় উৎসাহ, স্কুলছুট রোধ এবং বৈষম্যমূলক সামাজিক রীতির বিরুদ্ধে কাজ চলছে বলেও তিনি জানান।
বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬ আনুষ্ঠানিক ভাবে গ্রহণের প্রক্রিয়া রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে বিভিন্ন দফতরের উদ্যোগে আইনের মূল নীতিগুলি কার্যকর করা হচ্ছে বলে জানান সচিব।
রাজ্য সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা তথা বিধায়ক ওয়াংপাং কোনিয়াক বলেন, নারী ও কন্যাশিশুর সুরক্ষা মৌলিক মানবাধিকারের প্রশ্ন এবং সমতা, ন্যায় ও টেকসই উন্নয়নের জন্য তা জরুরি। গ্রামাঞ্চলে কিশোরী গর্ভধারণ নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাল্যবিবাহ আনুষ্ঠানিক ভাবে নথিভুক্ত না হলেও অল্পবয়সি মেয়েদের গর্ভধারণের বিষয়টি উপেক্ষা করা চলে না।
প্রতিটি মেয়ের সঙ্গে মর্যাদার আচরণ করতে হবে। নিজের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হলে, পড়াশোনা থেকে বঞ্চিত করা হলে বা নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা না দিলে কেমন লাগবে, সেই প্রশ্ন তোলেন কোনিয়াক।
অনুষ্ঠানে ২৭ নভেম্বর থেকে আগামী বছরের ৮ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে ১০০ দিনের প্রচারাভিযানের প্রস্তাব দেওয়া হয়েছে। বাল্যবিবাহ ও শিশু পাচার সম্পর্কে সচেতনতা বাড়াতে নাগরিক সমাজ, গির্জা, গ্রাম পরিষদ এবং বিভিন্ন সংগঠনকে এতে যুক্ত করার কথা বলা হয়েছে।