গুয়াহাটি, ১ ডিসেম্বর: ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠান নয়াদিল্লিতে আয়োজন করার জন্য অসম সরকারকে স্বাগত জানালেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তবে শুধু অনুষ্ঠান আয়োজন করলেই সুধাকণ্ঠের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন হয় না বলে মন্তব্য করে তাঁর দর্শন ও আদর্শ বাস্তবে রূপায়ণের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে অখিল বলেন, সারা জীবনের সঙ্গীতসাধনার মাধ্যমে ভূপেন হাজরিকা প্রেম, সমন্বয় ও সমঅধিকারের যে বার্তা দিয়ে গিয়েছেন, সেই আদর্শ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। গত বছরের সেপ্টেম্বরে জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পরে রাজ্য জুড়ে শোক ও অস্থিরতার আবহে জন্মশতবর্ষের বড় আয়োজনে কিছু বাধা এসেছিল বলেও তিনি উল্লেখ করেন।

অসমের সর্বহারা ও কৃষকদের স্বার্থ সুরক্ষার জন্য সরকারকে পদক্ষেপ করার আহ্বান জানান অখিল। তাঁর অভিযোগ, এক দিকে দিল্লিতে ভূপেন হাজরিকার স্মরণে বড় অনুষ্ঠান হচ্ছে, অন্য দিকে অসমের গরিব মানুষের জমি বড় পুঁজিপতি আদানি-আম্বানির হাতে তুলে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

ধর্মের নামে বিভাজনের রাজনীতি এবং উচ্ছেদ অভিযানের সমালোচনা করে শীতের রাতে কষ্টে থাকা দরিদ্র কৃষকদের অবস্থার দিকে সরকারের নজর দেওয়ার দাবি জানান তিনি। ভূপেন হাজরিকার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন তৈরির রাজনীতি বন্ধ করারও আর্জি জানান বিধায়ক।

অখিল গগৈয়ের মতে, ভূপেন হাজরিকা শাসকের স্তুতির বদলে গানের মাধ্যমে প্রেম, প্রতিবাদ এবং মানুষের মুক্তির কথা বলেছেন।

বিধানসভার উপাধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগে সরকারের অবস্থান, জুবিন গর্গের জন্য ন্যায়বিচারের দাবি এবং মানুষের বাক্‌স্বাধীনতার প্রসঙ্গও তোলেন তিনি। জন্মশতবর্ষ উদ্‌যাপনকারী সরকার যেন মানুষের বাক্‌স্বাধীনতার কণ্ঠরোধ না করে, সেই আবেদনও জানান অখিল।

শেষে তিনি বলেন, ভূপেন হাজরিকাকে সম্মান জানানো শুধু অনুষ্ঠান আয়োজনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাঁর আদর্শ সরকারি নীতি ও সামাজিক জীবনে প্রতিফলিত হলেই তা হবে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী, ছাত্রছাত্রী ও সকল নাগরিককে শুভেচ্ছাও জানান তিনি।