বদরপুর, শুক্রবার রাত: বদরপুর রেলস্টেশনে নারী পাচারের অভিযোগে মিজোরামের দুই নাবালিকা ও এক তরুণীকে উদ্ধার করল রেলওয়ে সুরক্ষা বাহিনী ও সরকারি রেল পুলিশ। ঘটনায় ত্রিপুরার টেরন সিং রিয়াং নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ট্রেনে করে তিন জনকে ভিন্‌রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আরপিএফ ও জিআরপির যৌথ দল তাঁকে আটক করে।

পরে নথিপত্র পরীক্ষা করে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। উদ্ধার হওয়া দুই নাবালিকাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছন।

নাবালিকাদের বক্তব্য, স্পা সেন্টারে কাজ দেওয়ার কথা বলে তাঁদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার নেপথ্যে কোনও বড় পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।