শিলং, ২৯ নভেম্বর: প্রস্তাবিত শিলং ভিউপয়েন্ট রোপওয়ে প্রকল্পের সমর্থনে আগামী ৫ ডিসেম্বর রাজপথে নামার সিদ্ধান্ত নিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। লাবান, লাইটকোর ও আপার শিলঙের বাসিন্দাদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী ওই দিন খিন্দাইলাডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে।

গোষ্ঠীর প্রতিনিধি রুপার্ট লিংডো তালাং জানান, তাঁরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের একটি স্বতন্ত্র গোষ্ঠী। উন্নয়নমূলক প্রকল্পগুলির বিরুদ্ধে চলা প্রতিবাদের প্রতিক্রিয়াতেই তাঁরা রোপওয়ে প্রকল্পটির পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে চাইছেন।

তালাংয়ের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে শিলং ভিউপয়েন্টে যাতায়াত সহজ হবে এবং পর্যটকের সংখ্যাও বাড়বে। তার ফলে স্থানীয় মানুষের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। মেঘালয়ে শিল্পের সংখ্যা সীমিত হওয়ায় পর্যটন ক্ষেত্র কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ খুলে দিতে পারে বলেও তাঁর মত।

তাঁর বক্তব্য, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বাড়লে স্থানীয়রা হোমস্টে, হোটেল ও অতিথিশালা গড়ে তোলার সুযোগ পাবেন। আতিথেয়তা পরিষেবাতেও দক্ষ ও শিক্ষিত স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। গোষ্ঠীটির দাবি, আগে আপত্তির মুখে পড়া ৩ মাইল রোড সম্প্রসারণ প্রকল্প শেষ হওয়ার পরে এলাকায় যানজট কমেছে।

জলসংগ্রহ এলাকা, জলাশয় এবং গাছপালার ক্ষতি নিয়ে ওঠা আশঙ্কার জবাবে তালাং বলেন, পরিবেশের ক্ষতি কমাতে ক্ষতিপূরণমূলক বনানীকরণ, মাটির স্থিতিশীলতা বজায় রাখা, ভূমিধস রোধ এবং রাতে নির্মাণকাজে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, স্থানীয় কৃষকদের পণ্য বিক্রির বর্তমান দোকান ও বাজারগুলির জন্য টার্মিনাল ৬-এ জায়গার ব্যবস্থাও করা হবে।

তালাংয়ের দাবি, সরকার প্রয়োজনীয় অনাপত্তি শংসাপত্র এবং রিয়াট লাবান ডরবার শ্নঙের অনুমতি পেয়েছে। ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খিন্দাইলাডে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি হবে। অনুমতির জন্য আবেদন করার পাশাপাশি পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

তালাং আরও জানান, পর্যটনমন্ত্রী ১ ডিসেম্বর সকাল ১১টায় বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে প্রকল্পস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। এই পরিদর্শনে প্রকল্প ঘিরে থাকা উদ্বেগের সমাধান হবে বলে আশা গোষ্ঠীটির।