আনিনি, ২৯ নভেম্বর: অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা জেলায় খুরা-মুখ রোগ বা এফএমডির প্রকোপে চলতি বছরে ২৬০টির বেশি মিথুনের মৃত্যু হয়েছে। সংক্রমণ জেলার নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই রোগ প্রতিরোধ ও পশুধনের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা অভিযান শুরু করেছেন ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং পশুপালন দফতরের আধিকারিকেরা।
জেলায় প্রথম এফএমডি ধরা পড়ে চলতি বছরের জুলাইয়ে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এটাইলিন ও এন্ডোলিনের মতো নিম্নাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। ওই সব এলাকায় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা চালিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অরুণাচল মিথুন ফার্মার্স ফেডারেশনের সহযোগিতায় আনিনি, এমুলি এবং নিউ এন্ডোলিন গ্রামে সচেতনতা কর্মসূচি করে। জেলা পশুপালন, পশুচিকিৎসা ও দুগ্ধ উন্নয়ন দফতর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, দিবাং উপত্যকাও এই কর্মসূচিতে সহযোগিতা করেছে।
দিবাং উপত্যকা জেলার পশুপালন, পশুচিকিৎসা ও দুগ্ধ উন্নয়ন আধিকারিক ডা. দাম্মো রিবা জানান, জুলাইয়ে জেলায় প্রথম রোগটি শনাক্ত হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনার কারণে লাগাতার নজরদারি ও প্রতিরোধমূলক পদক্ষেপ জরুরি।
ভারতীয় কৃষি গবেষণা পরিষদের সহকারী মুখ্য কারিগরি আধিকারিক ডা. গেরিক বাগ্রা পশুপালকদের সময়মতো মিথুনের টিকাকরণ করানোর আহ্বান জানান। পশুধনের মৃত্যুর ফলে আর্থিক ক্ষতি কমাতে অ্যাগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে পশুধন বিমার সুবিধা নেওয়ারও পরামর্শ দেন তিনি। খাদ্য সরবরাহ, পশুর নিরাপত্তা, স্বাস্থ্য পরীক্ষা এবং পাল পরিচালনার উন্নতির জন্য অর্ধ-নিবিড় পদ্ধতিতে মিথুন পালনের কথাও বলেন।
ভুবনেশ্বরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুট অ্যান্ড মাউথ ডিজিজের মুখ্য বিজ্ঞানী ডা. রাজীব রঞ্জন সংক্রমিত মিথুনের বৈজ্ঞানিক পরিচর্যা সম্পর্কে পশুপালকদের জানান। টিকাকরণ, সংক্রমিত পশুর যথাযথ পরিচর্যা এবং জৈব সুরক্ষা বিধি কঠোর ভাবে মানার উপর তিনি জোর দেন। নাগাল্যান্ডের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন মিথুনের বিজ্ঞানী ডা. লালজাম্পুইয়া মিথুনের স্বাস্থ্যপরিষেবা, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী সরবরাহে তাঁদের প্রতিষ্ঠানের সহায়তার কথাও জানান।
বিজ্ঞানীদের দল সংক্রমিত এলাকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। সুস্থ হয়ে ওঠা মিথুনের প্রোবাং নমুনার পাশাপাশি সংক্রমিত পশুর মাটি, পশুখাদ্য ও তরল পদার্থের নমুনাও নেওয়া হয়েছে। এই নমুনা পরীক্ষার মাধ্যমে রোগের প্রকৃতি বোঝা এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ২৭ নভেম্বর দলটি আদালি এলাকার এফএমডি-আক্রান্ত মিথুনগুলি পরীক্ষা করে পশুপালকদের কারিগরি পরামর্শ দেয়। অরুণাচল মিথুন ফার্মার্স ফেডারেশনের সভাপতি লিমি এটেই বলেন, রোগের প্রকোপের সময় মিথুন পালকদের সহায়তা করা, পশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মিথুন পালনে উৎসাহ দেওয়াই কর্মসূচির মূল লক্ষ্য।