ইম্ফল, ২৯ নভেম্বর: তিন বছরেরও বেশি সময় ধরে ত্রাণশিবিরে থাকার পরে নিজেদের গ্রামে নিরাপদে ফেরার দাবিতে রবিবার মণিপুরের রাস্তায় নামলেন হাজার হাজার গৃহহীন মেইতেই। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিতে কেন্দ্র ও মণিপুর সরকারের কাছে আবেদন জানান তাঁরা।
অ্যাপেক্স কমিটি অব মেইতেই আইডিপি-র উদ্যোগে আয়োজিত মিছিলটি কেশমপাট থেকে শুরু হয়ে থাংমেইবন্দের থাউ খেলার মাঠে শেষ হয়। বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে ছোট শিশুরাও মিছিলে অংশ নেয়। হাতে নানা দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘদিনের বাস্তুচ্যুতির অবসান ঘটানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা।
তাঁদের অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার পরিবার ত্রাণশিবিরে আশ্রয় নিয়ে রয়েছে। অথচ নিজেদের গ্রামে ফেরার বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও স্পষ্ট আশ্বাস মেলেনি। নিরাপদে ঘরে ফেরানোর জন্য এখনও পর্যন্ত দুই সরকারই দৃশ্যমান কোনও পদক্ষেপ করেনি বলেও তাঁদের দাবি।
ইম্ফল পূর্ব জেলার ইকৌয়ের বাসিন্দা লংজাম বসন্ত জানান, তিনি এখন ছাওমবুং ত্রাণশিবিরে রয়েছেন। দীর্ঘদিন শিবিরে থাকায় বাস্তুচ্যুত পরিবারগুলির মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়ছে বলে তাঁর দাবি। অনেকেই উদ্বেগ ও হতাশায় ভুগছেন। এমনকি শিবিরে থাকা কয়েক জন আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার পরেই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন বলে জানান লংজাম বসন্ত। মিছিলের পরে বৈঠক করে কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হবে এবং তা ভারত সরকার ও মণিপুর সরকারের কাছে পাঠানো হবে বলেও তিনি জানান।
অ্যাপেক্স কমিটি অব মেইতেই আইডিপি-র অধীনে রয়েছে চুরাচাঁদপুর মেইতেই ইউনাইটেড কমিটি, মেইতেই কাউন্সিল মোরে, মেইতেই ভুক্তভোগী সুরক্ষা সমিতি মোরে, মেইতেই ইউনিয়ন কাংপোকপি জেলা এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের প্রতিনিধিত্বকারী সংগঠন। বাস্তুচ্যুত পরিবারগুলির মর্যাদাপূর্ণ জীবনযাপনের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রেখে তাঁদের নিজেদের গ্রামে নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠনগুলি।