যোরহাট, ২৯ নভেম্বর: যোরহাট শহরের নির্মল চারিআলিতে ছাত্রনেতা অনিমেষ ভূঞাকে গণপিটুনিতে হত্যার ঘটনার পাঁচ বছর পূর্ণ হল। ২০২১ সালের ২৯ নভেম্বরের ওই ঘটনায় তাঁর দুই সঙ্গী মৃদুস্মন্ত বরুয়া ও প্রণয় দত্ত গুরুতর জখম হয়েছিলেন।

এক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন অনিমেষ। ভুল বোঝাবুঝির জেরে একদল উত্তেজিত লোক তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি অসম জুড়ে শোরগোল ফেলেছিল।

ঘটনার পরে পুলিশ ১৫ জনকে গ্রেফতার করে। ৫০ দিনের মধ্যে ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে বিস্তারিত চার্জশিট জমা দেওয়া হয়।

এই মামলার মূল অভিযুক্ত নীরজ দাস ওরফে ‘কালা লড়কা’ ২০২১ সালের ১ ডিসেম্বর পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পথ দুর্ঘটনায় নিহত হন।

২০২২ সালের এপ্রিল থেকে যোরহাটের দায়রা বিচারকের আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গুয়াহাটি হাইকোর্ট মামলার কয়েক জন অভিযুক্তকে জামিন দেয়।