পটনা, ২৯ নভেম্বর: বিহারের রাজধানী পটনায় বিজেপির রাজ্য দফতরের সামনে রবিবার উত্তেজনা ছড়ায়। একদল উত্তেজিত যুবক দফতর লক্ষ্য করে পাথর ছোড়ে এবং আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
পটনার মিলার স্কুল মাঠে সমাজমাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার আরিয়ান কেলভিনের একটি অনুষ্ঠান চলছিল। সেখানে বহু স্থানীয় ইউটিউবার ও সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। আরিয়ান অনুষ্ঠানস্থলে পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যান। তার পরেই মাঠে উপস্থিত একদল যুবকের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এর পরে মাঠ থেকে বেরিয়ে আসা একদল লোক কাছাকাছি এলাকায় ভাঙচুর শুরু করে বলে জানা গিয়েছে। তারা ক্রমে বিজেপি দফতরের দিকে এগিয়ে গিয়ে পাথর ছোড়ে। দফতরের কাছে থাকা গাড়ি, ঠেলাগাড়ি ও দোকানেও ক্ষয়ক্ষতি করা হয়।
ঘটনার সময় পুলিশের উপরেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতে কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ লাঠিচার্জ করে।
পাথর ছোড়া ও ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঘটনার ভিডিও এবং অন্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।