নতুন দিল্লি, ১২ নভেম্বর: দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার অক্টোবরে বেড়ে ৬.০৯ শতাংশ হয়েছে। এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সহনসীমা ছাড়িয়ে গিয়েছে মূল্যবৃদ্ধি।
সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৫৪ শতাংশ। অর্থনীতিবিদেরা অক্টোবরে এই হার ৫.৯৩ শতাংশ হতে পারে বলে অনুমান করেছিলেন। প্রকাশিত পরিসংখ্যান সেই পূর্বাভাসও ছাড়িয়েছে।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার অক্টোবরে বেড়ে ৮.৯৪ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.৭৪ শতাংশ। পেঁয়াজ, রসুন-সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় খাদ্য মূল্যবৃদ্ধির উপর চাপ বেড়েছে।
পরিবহণ ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার বেড়ে ৫.৮৪ শতাংশ হয়েছে। খাদ্যপণ্যের পাশাপাশি অন্যান্য পণ্য ও পরিষেবার খরচ বৃদ্ধিও সামগ্রিক মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলেছে বলে অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে।
রিজার্ভ ব্যাঙ্কের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্য ৪ শতাংশ। এই লক্ষ্যমাত্রার দু’দিকে ২ শতাংশ করে সহনসীমা নির্ধারিত রয়েছে। অর্থাৎ, গ্রহণযোগ্য সীমা ২ থেকে ৬ শতাংশ। অক্টোবরে ৬.০৯ শতাংশ হওয়ায় সেই সর্বোচ্চ সীমাও অতিক্রম করল খুচরো মূল্যবৃদ্ধি।
চলতি বছরের জুন থেকে টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের ৪ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। খাদ্যপণ্যের দাম এবং অন্যান্য খরচের চাপ থাকায় আগামী দিনেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে চ্যালেঞ্জ হতে পারে বলে মত অর্থনীতিবিদদের।
এই বৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী মুদ্রানীতির সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। তবে সুদের হার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি।