নয়াদিল্লি, ১১ নভেম্বর: দশম স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারে অসমের প্রথম ‘স্বচ্ছ শহর’ হিসেবে স্বীকৃতি পেল গুয়াহাটি। বুধবার বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অসমের নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রাই এবং গুয়াহাটি পুরনিগমের মেয়র মৃগেন সরনিয়ার হাতে এই সম্মান তুলে দেন।

সামাজিক মাধ্যমে কৌশিক রাই জানান, বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে গুয়াহাটির জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে তিনি সম্মানিত।

এই স্বীকৃতি পরিশ্রমী সাফাইকর্মী, আবাসন ও নগর বিষয়ক দফতর এবং সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিক ও সচেতন নাগরিকদের উৎসর্গ করছি। পরিচ্ছন্ন ও টেকসই আগামীর লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দিশানির্দেশে সকলের সম্মিলিত উদ্যোগেরই প্রতিফলন এই সাফল্য।

পুরস্কার গ্রহণের সময় কৌশিক রাই ও মৃগেন সরনিয়ার সঙ্গে ছিলেন আবাসন ও নগর বিষয়ক দফতরের কমিশনার ও সচিব কবিতা পদ্মনাভন এবং গুয়াহাটি পুরনিগমের কমিশনার চিন্ময় ফুকন।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ২০২৫-২৬ সালের বার্ষিক নগর পরিচ্ছন্নতা সমীক্ষার দশম সংস্করণে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে উত্তর লখিমপুরের সঙ্গে গুয়াহাটিকে অসমের ‘প্রতিশ্রুতিশীল স্বচ্ছ শহর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।