আগরতলা, ১১ নভেম্বর: ত্রিপুরার পাঁচটি পৌর সংস্থার ৭৭টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে গিয়েছে। মনোনয়নপত্র পরীক্ষা শেষে রাজ্য নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।

মোহনপুর, কমলপুর, জিরানিয়া, রানিরবাজার এবং শান্তিরবাজার পৌর সংস্থার অন্তর্গত ওই আসনগুলি বিজেপির দখলে গিয়েছে।

আগরতলা পুরনিগম-সহ রাজ্যের ২১টি পৌর সংস্থার মোট ৩৪৫টি আসনের জন্য মনোনয়ন জমার শেষ দিন ছিল ৭ নভেম্বর। মঙ্গলবার মনোনয়নপত্র পরীক্ষা হয়। বাকি ২৬৮টি আসনে ২৭ নভেম্বর ভোটগ্রহণ হবে। এই আসনগুলিতে মোট ৮১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩৪২ জন প্রার্থী দিয়েছে। সিপিআই(এম)-এর প্রার্থী ২১৮ জন এবং কংগ্রেসের প্রার্থী ২০১ জন। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সিপিআই(এম) এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এ দিকে, আমবাসায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠেছে। সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, মঙ্গলবার হুমকি, ভয় দেখানো ও বাড়িতে হামলার জেরে তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল।

তবে রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী জানান, কমিশন ধলাই জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমবাসা বা ধলাই জেলার অন্য কোথাও এমন ঘটনার প্রমাণ মেলেনি।