নয়াদিল্লি, ১২ নভেম্বর: গুয়াহাটি বিমানবন্দর দিয়ে অসমের মূল্যবান আগর রফতানির প্রক্রিয়া আরও সহজ করা এবং রাজ্যে বিরল মৃত্তিকা মৌলের অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাবনা নিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন অসম সরকারের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।

অর্থ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং খনি ও খনিজ সম্পদ দফতরের দায়িত্বে থাকা জয়ন্ত মল্লবরুয়া কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অসমের বন দফতর-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তিনি কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনেন।

আন্তর্জাতিক বাজারে অসমের আগরের সম্ভাবনার কথা মাথায় রেখে জনপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই পণ্য রফতানির ব্যবস্থা আরও সহজ করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এতে আগর শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উৎপাদকেরা উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

এর পরে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি. কিষাণ রেড্ডির সঙ্গে তাঁর দফতরে বৈঠক করেন জয়ন্ত মল্লবরুয়া। অসমের খনিজ সম্পদের অনুসন্ধান, উত্তোলন এবং সঠিক ব্যবহারের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়।

খনি ক্ষেত্রে অসমের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো, বিশেষ করে বিরল মৃত্তিকা মৌলের অনুসন্ধান ও উত্তোলনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার বিষয়টিও আলোচনায় ওঠে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, রফতানি ব্যবস্থা উন্নত করা এবং খনিজ সম্পদভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে অসমের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানোই এই বৈঠকগুলির অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।