গুয়াহাটি, ১২ নভেম্বর: অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালুর দাবি তুললেন উৎপল শর্মা। তাঁর বক্তব্য, রাজ্যে নির্ভুল ও শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি পুনঃপরীক্ষার দাবিও জানিয়েছেন তিনি।

অসমের মানুষ অসম আন্দোলনের সময় থেকেই এসআইআরের কথা শুনে আসছে। অসমে এসআইআর চাই, শুদ্ধ ভোটার তালিকা চাই।

উৎপল শর্মার মতে, অসমের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি দেশের অন্য রাজ্যগুলির থেকে আলাদা। বিহার ও পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আলোচনা শুরু হওয়ার পরে অসমেও এই প্রক্রিয়া চালুর প্রয়োজনীয়তা আরও গুরুত্ব পেয়েছে বলে তাঁর দাবি।

তাঁর অভিযোগ, অসম আন্দোলনের সময় থেকেই ভোটার তালিকা থেকে অবৈধ বিদেশি নাগরিকদের নাম বাদ দেওয়ার দাবি উঠছে। হিন্দু বা মুসলিম, ধর্ম নির্বিশেষে সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি।

উৎপল শর্মার মতে, শুদ্ধ ভোটার তালিকা তৈরির পাশাপাশি এনআরসি পুনঃপরীক্ষাও জরুরি। অসমের খিলঞ্জিয়া মানুষের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য তাঁর।

তিনি আরও জানান, এনআরসি পুনঃপরীক্ষার দাবির সমর্থনে সদৌ অসম ছাত্র সংস্থা আগেও বিভিন্ন সময়ে আবেদন জমা দিয়েছে। নির্বাচন কমিশনের অধীনে এসআইআর হল ভোটার তালিকার বিস্তৃত যাচাই ও সংশোধনের প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটারদের তথ্য ফের যাচাই করে যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত এবং অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়।