নয়াদিল্লি, ১৩ নভেম্বর: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ১৬ থেকে ১৮ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হতে চলা ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এই সফরের কথা নিশ্চিত করেছে বিদেশ মন্ত্রক।
এই সফরে মোদী ২১তম ইস্ট এশিয়া সম্মেলনেও অংশ নেবেন। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে ওই সম্মেলন হবে। সেখানে ভারত ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ দেশ অংশ নেবে।
বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, ইস্ট এশিয়া সম্মেলনে বর্তমানে ১৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে আসিয়ানের ১১টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ভারত, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চিন, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো সহযোগী দেশও রয়েছে।
এ বারের আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল ভাবনা, ‘আমাদের ভবিষ্যতের পথে, একসঙ্গে’। বিশ্ব বাণিজ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক পথগুলির গুরুত্বের কথা মাথায় রেখেই এই বিষয়টি বেছে নেওয়া হয়েছে।
সম্মেলনের পাশাপাশি ১৭ নভেম্বর ১৬তম আসিয়ান মেরিটাইম ফোরাম এবং ১৮ নভেম্বর ১৪তম এক্সপ্যান্ডেড আসিয়ান মেরিটাইম ফোরাম হবে। এই বৈঠকগুলিতে সামুদ্রিক বাণিজ্য ও নিরাপদ নৌপরিবহণের বিষয়গুলি গুরুত্ব পাবে।
ম্যানিলায় সম্মেলন চলাকালীন কোয়াড শীর্ষ বৈঠকও হতে পারে। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠকে বসতে পারেন।
এই সফরে আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক, কূটনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।