শিমলা, ১৩ নভেম্বর: গান্ধী পরিবারকে নিশানা করে সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর করল হিমাচল প্রদেশ পুলিশ। শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলাটি রুজু হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(খ), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ মামলা রুজুর কথা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে।

শর্মার অভিযোগ, ১০ নভেম্বর নিজের যাচাইকৃত সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে করা পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত করেছেন কঙ্গনা।

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে রহস্যময় বিদেশি নাগরিক বলে উল্লেখ করা হয়েছে বলেও আপত্তি তুলেছেন শর্মা। তাঁর দাবি, গান্ধী পরিবারের সদস্যদের একের পর এক মৃত্যুর আগে সনিয়া বিদেশের একটি ক্যাফেতে এসেছিলেন বলে পোস্টে ইঙ্গিত করা হয়। শেষে তাঁকে সরকারের শীর্ষে দেখিয়ে লেখা হয়, ‘কত সুবিধাজনক’।

সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরে মানেকা গান্ধীর পারিবারিক বাসভবন ছেড়ে যাওয়ার প্রসঙ্গও ওই পোস্টে ছিল বলে অভিযোগ। শর্মার বক্তব্য, এটি রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে গিয়ে জনরোষ উসকে দিতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশান্তি বিঘ্নিত করতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে পুলিশ মহানির্দেশককে ই-মেল পাঠিয়ে পোস্টটি নিয়ে অবিলম্বে এফআইআর রুজু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার-ফরেন্সিক তদন্তের আর্জি জানান শর্মা। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।