আন্টালিয়া, ১৪ নভেম্বর: আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ খোলা মাইকে ধরা পড়ল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং সে দেশের জলবায়ু পরিবর্তন ও শক্তিমন্ত্রী ক্রিস বোয়েনের অশালীন রসিকতা। ব্যক্তিগত অঙ্গ ও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তাঁদের কথোপকথন ক্যামেরা ও মাইক্রোফোনে ধরা পড়ার পরে বিতর্ক তৈরি হয়েছে।

তুরস্কের আন্টালিয়ায় সম্মেলন চলাকালীন একটি বৈঠক শুরুর আগে দু’জনের মধ্যে ওই কথোপকথন হয়। অ্যালবানিজকে বোয়েনকে বুকপকেটে মোবাইল ফোন না রাখার পরামর্শ দিতে শোনা যায়। তাঁর বক্তব্য, মোবাইল ফোনের তরঙ্গ হৃদ্‌যন্ত্রের ছন্দে প্রভাব ফেলতে পারে।

জবাবে বোয়েন বলেন, বুকপকেটের চেয়ে প্যান্টের পকেটে ফোন রাখা নিয়েই তিনি বেশি চিন্তিত। এর পরে অ্যালবানিজ অশালীন ইঙ্গিত করে প্রশ্ন করেন, সেটি কি তাঁর পুরুষাঙ্গের জন্য।

বোয়েন হেসে বলেন, সেটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনকি হৃদ্‌যন্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

কথোপকথনের সময় তাঁদের মাইক্রোফোন চালু রয়েছে, তা সম্ভবত দু’জনের খেয়াল ছিল না। অ্যালবানিজের এক মুখপাত্র জানান, বৈঠকের ফাঁকে তাঁরা রসিকতা করছিলেন।

কপ-৩১-এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। তবে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি রফতানির জন্য জলবায়ু নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে দেশটি।