বালি, ১৭ নভেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদের জন্য ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের বৈঠকে পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তাঁকে পুনর্নির্বাচিত করা হয়।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেন জয় শাহ। তার আগে তিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সচিব ছিলেন।

বিশ্ব ক্রিকেটের প্রশাসনে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই জয় শাহকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

পুনর্নির্বাচিত হওয়ার পরে বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। তাঁর বক্তব্য, ক্রিকেটের বিশ্বজোড়া প্রসার, নতুন দর্শকদের মধ্যে খেলাটির জনপ্রিয়তা বাড়ানো এবং খেলাটির টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই আগামী দিনের অন্যতম লক্ষ্য।

২০২৮ অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি

জয় শাহের দ্বিতীয় মেয়াদে ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে ১২৮ বছর পরে ফের অলিম্পিকে ফিরবে ক্রিকেট। এই সুযোগে নতুন দর্শকদের কাছে খেলাটির পরিচিতি বাড়াতে চায় আইসিসি।

মহিলা ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলির জন্য আরও সুযোগ তৈরি, আন্তর্জাতিক ক্রিকেটের ভিত মজবুত করা এবং খেলাটির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাকেও আগামী দিনের অগ্রাধিকার বলে জানিয়েছে আইসিসি। জয় শাহের পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, আইসিসির সহ-সভাপতি তাভেংগওয়া মুখুলানি এবং অন্য সদস্য প্রতিনিধিরা।