২০ নভেম্বর সকাল ৬টা থেকে অসমে ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী ‘চাকা বন্ধ’ কর্মসূচি শুরু হচ্ছে। মোটর পরিবহণ ক্ষেত্রের মালিক-শ্রমিক সমন্বয় সমিতি চার দফা দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে। ২২ নভেম্বর সকাল ৬টায় কর্মসূচি শেষ হওয়ার কথা।
বন্ধের জেরে রাজ্য জুড়ে যাত্রীবাহী বাস ও বাণিজ্যিক পরিবহণ পরিষেবা ব্যাহত হতে পারে। গুয়াহাটি-সহ নামনি, মধ্য ও উজনি অসমের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
যাত্রীবাহী বাস, সিটি বাস, ট্যাক্সি, ম্যাজিক, অটো এবং পণ্যবাহী বাণিজ্যিক গাড়ির চলাচলে প্রভাব পড়তে পারে। ফলে সাধারণ যাত্রীদের যাতায়াতে সমস্যার আশঙ্কা রয়েছে।
সমিতির দাবিগুলির মধ্যে রয়েছে বেসরকারি ক্ষেত্রের পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা, যাত্রীবাহী গাড়ির ভাড়া ৭০ শতাংশ বৃদ্ধি, মোটর শ্রমিকদের হয়রানি বন্ধ এবং বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র জেলা পরিবহণ কার্যালয়ে জমা দেওয়ার ব্যবস্থা করা।
জরুরি পরিষেবা, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য পরিষেবাকে বন্ধের আওতার বাইরে রাখা হবে কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি।