ডিগবই, ১৮ নভেম্বর: ইন্ডিয়ানঅয়েল সার্ভো মাস্টার্স গল্ফ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ৯-আন্ডার ১৩৫ স্কোরে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন মহুর ওম প্রকাশ চৌহান এবং বেঙ্গালুরুর রৌনিল কুক্কড়। ডিগবই গল্ফ লিঙ্কসে চলছে প্রতিযোগিতার ২৬তম সংস্করণ।

চৌহান দ্বিতীয় রাউন্ডে ৪-আন্ডার ৬৮ করেছেন। তাঁর রাউন্ডে ছিল চারটি বার্ডি। প্রথম রাউন্ডের পরে যুগ্ম দ্বিতীয় স্থানে থাকা চৌহান উঠে এসেছেন শীর্ষে। তাঁর দুই রাউন্ডের স্কোর ৬৭ ও ৬৮।

রৌনিল দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত ৭-আন্ডার ৬৫ করেছেন। পার-৫ সপ্তম হোলে একটি ইগল ছাড়াও তিনি আটটি বার্ডি ও তিনটি বগি করেছেন। প্রথম রাউন্ডের শেষে যুগ্ম ১৪তম স্থানে থাকা রৌনিলের দুই রাউন্ডের স্কোর ৭০ ও ৬৫।

প্রথম রাউন্ডের শেষে শীর্ষে থাকা গুরগাঁওয়ের সৌরভ রাঠী দ্বিতীয় দিনে ইভেন-পার ৭২ করেছেন। পাঁচটি বার্ডি ও পাঁচটি বগি-সহ তাঁর মোট স্কোর ৭-আন্ডার ১৩৭। তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশের জামাল হোসেন, কপুরথালার যুবরাজ সিংহ, জয়পুরের প্রখর আসাওয়া এবং পুনের দিব্যাংশ দুবে ৬-আন্ডার ১৩৮ স্কোরে যুগ্ম চতুর্থ স্থানে রয়েছেন।

ভারতীয় পেশাদার গল্ফের ইতিহাসে ইন্ডিয়ানঅয়েল সার্ভো মাস্টার্সের বিশেষ স্থান রয়েছে। দেশের পেশাদার গল্ফ সার্কিট ও ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইয়ের দীর্ঘদিনের এই প্রতিযোগিতাটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান পেশাদার গল্ফ আসর।