জাগিরোড, ১৭ নভেম্বর: অসমের মরিগাঁও জেলার দলবারির বাসিন্দা গাড়ির মালিক তথা চালক আশরাফুল ইসলামের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে জাগিরোড পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু চাজরুল হক। সব সময় ছায়ার মতো পাশে থাকা বন্ধুর বিরুদ্ধেই খুনের অভিযোগ ওঠায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃত তিনজন হলেন মায়ঙের ছাগলীকাটা বিলপারের সাইদুল ইসলাম, জাগিরোডের বহা পাহাড়ের উমর ফারুক এবং মিকিরভেটার চাজরুল হক। শনিবার রাতে জাগিরোডের মানহা এলাকায় ঘটনাটি ঘটার পর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। অল্প সময়ের মধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জাগিরোড থানায় ৩৪১/২৬ নম্বরে মামলা দায়ের হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মরিগাঁওয়ের দলবারির বাসিন্দা আশরাফুলের সুইফট গাড়ি ভাড়া নিয়ে জাগিরোডের বুরাবুরির কয়েকজন গৌহাটি গিয়েছিলেন। গৌহাটি থেকে ফেরার পথে এক যাত্রীর আচরণে সন্দেহ হয় আশরাফুলের। সেই ব্যক্তির ছবি ও মোবাইল নম্বর তিনি নিজের স্ত্রীকে পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে।
এর কিছুক্ষণ পর থেকেই আশরাফুলের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রবিবার ভোররাতে জাগিরোডের মানহা এলাকায় রাস্তার পাশে গভীর খাদে পড়ে থাকা গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
অভিযোগ, আশরাফুলকে খুন করে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল। নিহতের আত্মীয়রাও সন্দেহ প্রকাশ করেছেন, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।
জানা গিয়েছে, ধৃত তিনজন এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে জেল খেটেছেন। অন্যদিকে, আশরাফুলের আত্মীয়রা অভিযুক্তদের এনকাউন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।