ডিগবৈ: রায়পুরে ২৪ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা জাতীয় মিনি ডাবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন ডিগবৈয়ের এরিক পলাশ দত্ত।

ডিগবৈ ব্যাডমিন্টন অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী এরিক পলাশের সঙ্গে ত্রিনয়ণ বরফুকন এবং দেবাজ্ঞ শইকীয়াও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-নয় রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভাল ফলের ভিত্তিতেই তাঁদের নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রশিক্ষক চিন্ময় বড়া এবং প্রশিক্ষক আদিত্য গগৈ ও চালিনা জয়রাজ।

ডিগবৈ ইনডোর স্টেডিয়ামে সন্ধ্যায় অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে তিন খেলোয়াড়কে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তাঁদের শুভেচ্ছাও জানান উপস্থিত সকলে।

ডিগবৈ কলেজের প্রভাষক মুকুল বুঢ়াগোহাঁই, সমাজকর্মী নিতুল নাথ, রুবুল গগৈ এবং যুব ব্যবসায়ী ধনঞ্জয় ডেকা-সহ বহু ক্রীড়াপ্রেমী এরিক পলাশকে শুভেচ্ছা জানিয়েছেন।

এরিক পলাশ ডিগবৈয়ের চিকিৎসক দম্পতি শল্যচিকিৎসক ডা. পলাশ দত্ত ও প্রসূতি চিকিৎসক ডা. নীরজা শইকীয়ার একমাত্র সন্তান। তিনি ডিগবৈ কার্মেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।