কাজিরাঙা, ১৭ নভেম্বর: চলন্ত গাড়ির ভিতরে সার্ভিস রিভলভার থেকে আচমকা গুলি ছুটে গুরুতর জখম হলেন বোকাখাত ট্রাফিক শাখার ভারপ্রাপ্ত আধিকারিক প্রবীণ কলিতা। কাজিরাঙার দুর্গাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, সহকর্মীদের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। গাড়িতে থাকা পুলিশকর্মী জয়ন্ত বুড়াগোহাঁই প্রবীণ কলিতার সার্ভিস রিভলভারটি আনলক করতে গেলে অসাবধানতাবশত গুলি ছুটে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
গুলি প্রবীণ কলিতার বাঁ হাতে লাগে এবং গাড়ির সামনের কাচ ভেদ করে বাইরে বেরিয়ে যায়। চিকিৎসকদের মতে, গুলিটি তাঁর বাঁ হাতের তালুর অংশে লেগেছিল।
ঘটনার পর তাঁকে দ্রুত কাজিরাঙার কোহরার শহিদ বেজা বৈষ্ণব আদর্শ চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য তাঁকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।