কার্বি আংলং, ১৭ নভেম্বর: কার্বি আংলং জেলার লাংভোকুতে অসমের দ্বিতীয় সৈনিক স্কুলের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার কার্বি আংলঙের গ্র্যান্ড সিলভার জুবিলি উদ্যাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি হয়।
প্রস্তাবিত স্কুলটি নির্মাণে ৩৩৬ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই অর্থ দেবে প্রতিরক্ষা মন্ত্রক। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পূর্ত দফতর নির্মাণকাজ সম্পন্ন করবে।
প্রায় ৪৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ৩০ মাসের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য স্থির হয়েছে।
নতুন সৈনিক স্কুলে ৬৪০ জন পড়ুয়া ও ক্যাডেটের আবাসনের ব্যবস্থা থাকবে। আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন এই প্রতিষ্ঠানে সামরিক বাহিনী এবং জাতীয় পরিষেবার ক্ষেত্রে কর্মজীবন গড়ার জন্য পড়ুয়াদের প্রস্তুত করা হবে।
সৈনিক স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণ বিকাশে গুরুত্ব দেওয়া হয়। নতুন স্কুলটি চালু হলে কার্বি আংলং এবং আশপাশের এলাকার পড়ুয়াদের এই ধরনের শিক্ষার সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।