নয়াদিল্লি, ১৮ নভেম্বর: ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে পশুহত্যা বন্ধের দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিক্রম নাথ, আর মহাদেবন এবং অপারেশ কুমার সিংহের বেঞ্চ আবেদনকারীর যুক্তি শোনার পরে এই সিদ্ধান্ত নেয়।

আইনজীবী শ্রুতি বিষ্টের দায়ের করা আবেদনে ১৯৬০ সালের পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের নির্দেশ চাওয়া হয়েছিল। ওই আইনে ধর্মীয় আচার-অনুষ্ঠান বা প্রথার অঙ্গ হিসেবে পশুহত্যার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আবেদনকারীর দাবি ছিল, এই ছাড়ের বিধান সংশোধন করে ধর্মীয় অনুষ্ঠানে পশুহত্যা বন্ধ করা হোক। আবেদনে বলা হয়, আগের তুলনায় ধর্মীয় বলির প্রথা কমলেও দেশের নানা প্রান্তে তা এখনও চালু রয়েছে।

হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানের নামে পশুহত্যা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। আবেদনকারীর যুক্তি ছিল, ধর্মের নামে পশুহত্যার প্রথা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত জীবনের অধিকার লঙ্ঘন করে।

এর আগে এ বিষয়ে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার শুনানির পরে বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। একই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানানো অন্য পক্ষকেও অনুমতি দেয়নি আদালত। তবে বেঞ্চ জানায়, নিজেদের বক্তব্য জানাতে চাইলে সংশ্লিষ্ট পক্ষগুলি পৃথক আবেদন দায়ের করতে পারে।