নতুন দিল্লি, ১৮ নভেম্বর: দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদী কর্মসূচির জেরে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবিকায় প্রভাব পড়ছে বলে অভিযোগ। এই সংক্রান্ত আবেদনের ভিত্তিতে কংগ্রেস, আম আদমি পার্টি, ককরোচ জনতা পার্টি এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়নকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও দিল্লি সরকারের কাছেও জবাব চেয়েছে। বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। দু’সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে।
দিল্লি কিরানা কমিটি এবং চাঁদনি চক এলাকার দিল্লি আয়রন অ্যান্ড হার্ডওয়্যার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আবেদনটি করেছে। তাদের অভিযোগ, রামলীলা ময়দানে প্রতিবাদ হলে আশপাশের বাজারগুলির ব্যবসা ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা তৈরি হয়।
আবেদনে বলা হয়েছে, রামলীলা ময়দানের আশপাশে কনট প্লেস, চাঁদনি চক, চাওরি বাজার, খারি বাওলি ও সদর বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রয়েছে। ওই সব অঞ্চলে বহু ব্যবসায়ী, কর্মী, ক্ষুদ্র বিক্রেতা ও শ্রমিক যুক্ত। প্রতিবাদের স্থান স্থির করার আগে তার প্রভাব যথাযথ ভাবে খতিয়ে দেখা হয়নি বলেও দুই সংগঠনের দাবি।
আবেদনকারীরা ১৬ অক্টোবর কনট প্লেসে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের কথাও উল্লেখ করেছেন। ওই কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়নের অংশ নেওয়ার কথা ছিল। ১ নভেম্বর রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশের পর ওই মাঠকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের উপযোগিতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত উৎসবের মরসুমে দিল্লিতে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ব্যবসা হয়। প্রতিবাদের ফলে প্রতিদিন প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় ১০ লক্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান, এক কোটি জীবিকা এবং বাইরে থেকে আসা প্রায় পাঁচ লক্ষ ব্যবসায়ী এই ব্যবস্থার সঙ্গে যুক্ত বলেও তাদের দাবি।
তবে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়নি। প্রতিবাদের স্থান, সময়সীমা, অংশগ্রহণকারীর সংখ্যা, যান চলাচল এবং বাজার ও আবাসিক এলাকায় যাতায়াত নিয়ে স্পষ্ট বিধি তৈরির আর্জি জানানো হয়েছে।
১৬ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার জন্য নতুন দিল্লি পুর পরিষদের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে আদালতের দ্বারস্থ হয়েছিল ব্যবসায়ী সংগঠনগুলি। ৩ নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, প্রতিবাদের ডাক দেওয়া সংগঠনগুলিকে মামলায় পক্ষ করা হয়েছে কি না। তার পরেই কংগ্রেস, আপ, ককরোচ জনতা পার্টি এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়নকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।