মুম্বই, ১৮ নভেম্বর: সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ বীর সাভারকর এবং আরএসএস প্রসঙ্গে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। বিক্ষোভ চলাকালীন দলের নেত্রী শায়না এনসি-র বাল ঠাকরের ছবি ছিঁড়ে ফেলা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
শিন্ডে শিবিরের অভিযোগ, বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় থাকা মন্তব্যে সাভারকর ও মরাঠি সমাজের গৌরবকে অপমান করা হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম, শায়না এনসি এবং আনন্দ দুবে বিক্ষোভে বইয়ের আপত্তিকর বলে দাবি করা পাতাগুলি ছিঁড়ে ফেলেন।
প্রকাশক হারপারকলিন্সের কাছে বইটি প্রত্যাহারের দাবি জানিয়েছে শিন্ডে শিবির। আপত্তিকর অংশ সংশোধন না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে বইটির প্রচলন বন্ধ রাখার দাবিও তোলা হয়েছে। অনলাইনেও প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিক্ষোভের সময় শায়না যে ছবিটি ছিঁড়ে ফেলেন, তাতে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের প্রতিকৃতিতে চপ্পল দিয়ে আঘাত করছেন শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে। সঞ্জয় নিরুপম বিষয়টি দেখিয়ে দেওয়ার পরে শায়না ছেঁড়া ছবিটি কাগজের নীচে ঢাকার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শায়নার দাবি, তিনি বাল ঠাকরের নয়, মণিশঙ্কর আইয়ারের ছবিই ছিঁড়েছিলেন।
ঘটনায় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং কংগ্রেস শিন্ডে শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বাল ঠাকরেকে অপমানকারীদের প্রকাশ্যে শাস্তির দাবি করেছেন। দলের পুরনিগমের কর্পোরেটরেরাও মুম্বই পুরনিগমের দফতরে বিক্ষোভ দেখিয়ে শায়নাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
কংগ্রেস নেত্রী বর্ষা গায়কোয়াড়ের বক্তব্য, এই ঘটনা বাল ঠাকরেকে সম্মান করা লক্ষ লক্ষ শিবসেনা কর্মীর ভাবাবেগে আঘাত করেছে। তবে শিন্ডে শিবিরের নেতা অমেয় ঘোলে দাবি করেছেন, ছেঁড়া ছবিটিতে বাল ঠাকরে নন, মণিশঙ্কর আইয়ারই ছিলেন। বিতর্কের মধ্যেই উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে শায়নাকে বিধানসভায় দেখা করতে ডেকেছেন।