নয়াদিল্লি, ১৮ নভেম্বর: পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন ভারতীয় কর্মী।
১৬ নভেম্বর পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমটি টারা গ্যাসে হামলা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
আহত দুই ভারতীয় কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ভারতীয় নাগরিকের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ওমানে ভারতীয় দূতাবাস সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে গোটা উদ্ধার অভিযানের উপর নজর রাখছে। দ্রুত সাহায্যের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক।
বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক ওই অঞ্চলে জাহাজের উপর ধারাবাহিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ভারতের বক্তব্য, এ ধরনের ঘটনা সমুদ্রপথে কর্মরত অসামরিক নাবিকদের জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর বিপদ তৈরি করছে। আন্তর্জাতিক আইন মেনে গুরুত্বপূর্ণ জলপথে জাহাজের নিরাপদ ও বাধাহীন চলাচল এবং বাণিজ্য দ্রুত পুনর্বহালের আবেদন জানিয়েছে ভারত।