অর্থপাচার মামলায় এলাহাবাদ হাইকোর্টের অন্তর্বর্তী জামিন পাওয়ার পরে বুধবার গাজিয়াবাদের দাসনা জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান। জামিনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ৭৮ বছরের এই নেতার মুক্তির পথ খুলে যায়।

জোর করে গ্রেফতারের পদ্ধতি নিয়ে আজম খান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি রাজীব গুপ্ত ও বিচারপতি দেবেন্দ্র সিংহের বেঞ্চ গ্রেফতারের সময় লিখিত কারণ না দেওয়ার বিষয়টিতে আপত্তি জানায়।

হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, গ্রেফতারের সময় সংবিধানের ২২(১) অনুচ্ছেদ এবং অর্থপাচার প্রতিরোধ আইনের ১৯ ধারার বাধ্যতামূলক বিধান যথাযথ ভাবে মানা হয়নি।

এর আগে মঙ্গলবার ভুয়ো জন্ম শংসাপত্র মামলায় আজম খানের দোষী সাব্যস্ত হওয়ার নির্দেশ স্থগিত রাখার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলায় তাঁর স্ত্রী তাজিন ফাতিমা এবং ছেলে আব্দুল্লা আজমও স্বস্তি পান।

গত ৩১ অক্টোবর অন্য একটি মামলায় জামিন পেয়ে রামপুর জেল থেকে বেরোনোর কিছু ক্ষণের মধ্যেই আজম খানকে ফের গ্রেফতার করেছিল ইডি। অর্থপাচার মামলায় তাঁকে গাজিয়াবাদের দাসনা জেলে রাখা হয়েছিল।

হাইকোর্টের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে ইডি। বুধবার আজম খানের মুক্তি স্থগিত রাখার আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত। ইডির আবেদনের শুনানি বৃহস্পতিবার হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটির পরবর্তী শুনানি এলাহাবাদ হাইকোর্টে ১০ ডিসেম্বর।