বডোদরা, ১৯ নভেম্বর: প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানকে ২০ কোটি টাকার বেশি মূল্যের জমি বরাদ্দের প্রস্তাবে অনুমোদন দিল বিজেপি-শাসিত বডোদরা পুরনিগম। বুধবার প্রায় চার ঘণ্টার উত্তপ্ত বিতর্কের পরে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

প্রস্তাব অনুযায়ী, জমির একাংশ ইউসুফ পাঠানকে উপহার হিসেবে দেওয়া হবে। অন্য অংশটি বাজারদরের প্রায় অর্ধেক দামে বিক্রি করা হবে। বিক্রির জন্য নির্ধারিত অংশটির মূল্য ৫.৫২ কোটি টাকা। তবে জমির সঠিক মূল্য এবং তাঁকে কত টাকা দিতে হবে, তা পরে আনুষ্ঠানিক ভাবে জানাবে পুরনিগম।

পুরনিগমের আধিকারিকেরা জানিয়েছেন, পাঠানকে প্রদেয় অর্থের পরিমাণ জানানো হলে বিক্রিচুক্তি নথিভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জমিটি ডিস্টার্বড এরিয়াস অ্যাক্টের আওতায় পড়ে। সাম্প্রদায়িক সংঘর্ষপ্রবণ এলাকায় জেলাপ্রশাসনের অনুমতি ছাড়া স্থাবর সম্পত্তি হস্তান্তরে এই আইনে বিধিনিষেধ রয়েছে। ফলে প্রস্তাবিত জমি বরাদ্দে ওই আইন প্রযোজ্য কি না, সে বিষয়ে আইনি মতামত নেবে পুরনিগম।

জমি বরাদ্দের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের অভিযোগ, সাধারণ নাগরিকেরা যে সুবিধা পান না, সে ভাবে খুব কম দামে এক ব্যক্তির হাতে সরকারি সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে। পুরনিগমের বৈঠকের আগে বডোদরা মহানগর কংগ্রেসের সভাপতি ঋত্বিজ যোশী-সহ কয়েক জন নেতাকে পুলিশ আটক করে। বৈঠক চলাকালীন বিক্ষোভরত কংগ্রেস নেতাদের পুরনিগম চত্বরে ঢুকতে বাধা দিতে প্রবেশদ্বার বন্ধ রাখা হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।

ডিস্টার্বড এরিয়াস অ্যাক্টের প্রযোজ্যতা নিয়ে আইনি মতামত পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুরনিগম।