নতুন দিল্লি, ১৮ নভেম্বর: আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের অর্থনীতি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে তীব্র আক্রমণ করল বিজেপি। লোকসভায় বিরোধী দলনেতাকে ‘ভারতবিরোধী প্রচারের নেতা’ বলে কটাক্ষ করেছে শাসকদল।
১৭ নভেম্বর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিডিয়া পলগ্রেনের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে রাহুল ভারতের আর্থিক পরিস্থিতিকে ‘অর্থনৈতিক বিপর্যয়’ বলে উল্লেখ করেন। দেশে ব্যাপক বেকারত্ব, দুর্বল উৎপাদন ক্ষেত্র এবং শিক্ষাব্যবস্থার গভীর সমস্যার কথাও তিনি বলেন।
রাহুলের দাবি, ভারতের অর্থনৈতিক মডেল প্রায় এক দশক ধরে প্রত্যাশামতো ফল দিতে পারেনি। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’-র মতো সরকারি উদ্যোগের সাফল্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর জবাবে বিজেপির জাতীয় সংবাদমাধ্যম আহ্বায়ক আশিস উষা আগরওয়াল সামাজিক মাধ্যমে বলেন, বিশ্বের নানা প্রতিষ্ঠান যখন ভারতকে দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন রাহুল বিদেশের মাটিতে দেশকে ‘অর্থনৈতিক বিপর্যয়’-এর দেশ হিসেবে তুলে ধরছেন। তাঁর মতে, এটি রাহুলের বার বার দেখা যাওয়া রাজনৈতিক আচরণ।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও রাহুলকে ‘ভারতবিরোধী প্রচারের নেতা’ বলে আখ্যা দেন। বিদেশ সফরের সময় তিনি ভারতের অগ্রগতি ও গণতন্ত্রের সমালোচনা করে আসছেন বলে অভিযোগ করেন ভাণ্ডারী। বিজেপি নেতা সি আর কেশবন রাহুলের বক্তব্যকে ‘মিথ্যা প্রচার’ ও ‘নিম্নমানের রাজনীতি’ বলে সমালোচনা করেছেন।
ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে আইএমএফ, মুডিজ এবং আরবিআইয়ের বিভিন্ন পূর্বাভাসের কথাও তুলে ধরেছেন বিজেপি নেতারা। দলের দাবি, ২০২৬-২৭ আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
রাহুল বর্তমানে দু’দিনের আমেরিকা সফরে রয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের পরে তাঁর শিকাগো বিশ্ববিদ্যালয়ে যাওয়ারও কর্মসূচি রয়েছে।