পাটিয়ালা, ১৯ নভেম্বর: পঞ্জাবের পাটিয়ালা-সাংগ্রুর বাইপাসের পাসিয়ানা গ্রামের কাছে ভাক্রা খালের উপর থাকা একটি লোহার সেতু ভেঙে পড়ে খালে আটকে যায় দুই ট্রাক। একটি ট্রাকে আগুনও লাগে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। সে সময় দুই ট্রাক সেতুটি পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শী এবং এক ট্রাকচালকের দাবি, দুর্ঘটনার আগে সেতুটি কাঁপছিল।

এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। তবে ট্রাক দু’টিতে থাকা চালক, সহকারী এবং শ্রমিক-সহ কয়েক জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল তাঁদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে লাগা আগুন নেভায়। নিরাপত্তার কারণে সেতুর দু’দিক ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে পাটিয়ালা-সাংগ্রুর রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

পুলিশ এবং প্রশাসন সেতু ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীন এই সেতুটি প্রায় ১০ বছর আগে, ২০১৬ সালে নির্মিত হয়েছিল। নির্মাণের মান এবং রক্ষণাবেক্ষণের ইতিহাসও তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে বালিভর্তি অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের জেরেই সেতুটি ভেঙে পড়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞ এবং কর্তৃপক্ষের আধিকারিকেরা ভেঙে পড়া অংশ পরীক্ষা করবেন। আটকে থাকা ট্রাক দু’টি সরানোর কাজও শুরু হয়েছে।

খালের জল ভেঙে পড়া অংশের উপর দিয়ে বইতে শুরু করায় সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পুলিশ যাত্রীদের বাইপাসের বদলে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে।