নতুন দিল্লি, ২০ নভেম্বর: একের পর এক বিমান বাতিল, উড়ানে দেরি এবং পরিচালনাগত নানা ত্রুটির অভিযোগে স্পাইসজেটকে কারণ দর্শানোর নোটিস দিল অসামরিক বিমান চলাচল মহানির্দেশক দফতর বা ডিজিসিএ। ১৭ নভেম্বর জারি হওয়া ওই নোটিসের জবাব সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে বিমান সংস্থাটিকে।

ডিজিসিএ জানিয়েছে, স্পাইসজেটের বিমান পরিচালনার মান কমেছে, সময়মতো উড়ানের হার হ্রাস পেয়েছে এবং বিমান বাতিলের ঘটনা বেড়েছে। অনুমোদিত উড়ানসূচি মেনে চলতেও সংস্থাটি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। এর জেরে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

বিমান বাতিল ও দেরির পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নোটিসে বলা হয়েছে, স্পাইসজেটের অধিকাংশ বিমান এখন উড়ানের অনুপযোগী অবস্থায় রয়েছে। সেগুলিকে ফের পরিষেবায় আনার জন্য সংস্থাটি কোনও বিশ্বাসযোগ্য পরিকল্পনাও জমা দেয়নি।

বাধ্যতামূলক বিমার পুনর্নবীকরণ নিয়ে অনিশ্চয়তা, পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সময়মতো টাকা না দেওয়া এবং তা নিয়ে বিদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্বেগের কথাও নোটিসে তোলা হয়েছে। আগের জরিমানার টাকা বার বার মনে করানো সত্ত্বেও কেন মেটানো হয়নি, তার ব্যাখ্যাও চেয়েছে ডিজিসিএ।

আন্তর্জাতিক উড়ান চালানোর প্রয়োজনীয় যোগ্যতার শর্ত না মানা এবং রুট বণ্টন সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগও রয়েছে স্পাইসজেটের বিরুদ্ধে। এ বিষয়ে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মে মাসে জরিমানাও করা হয়েছিল বলে নোটিসে উল্লেখ রয়েছে।

এর মধ্যে ১৮ নভেম্বর স্পাইসজেটের বোর্ড আর্থিক পরিস্থিতি মজবুত করতে সর্বাধিক ৫,৫০০ কোটি টাকা তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। অগস্টে সংস্থাটির বাজার অংশীদারিত্ব ছিল ১.২ শতাংশ, যা সেপ্টেম্বরে নেমে হয় ০.৬ শতাংশ। শুক্রবার দিল্লি বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ডায়াল জানিয়েছে, স্পাইসজেটের পরিচালনাগত সমস্যার জেরে টানা দ্বিতীয় দিনেও কয়েকটি উড়ান প্রভাবিত হতে পারে। নোটিস নিয়ে স্পাইসজেটের তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।