গুয়াহাটি, ১৯ নভেম্বর: বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাওয়াল গুয়াহাটির বরঝার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে বেরোনোর সময় অনুরাগীরা ফুলের তোড়া ও অসমীয়া গামোছা দিয়ে তাঁকে স্বাগত জানান।

২০ নভেম্বর মেঘালয়ের শিলঙে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ২০২৬-এ সঙ্গীত পরিবেশন করবেন দর্শন। বিমানবন্দরে তিনি জানান, প্রথম বার শিলঙে অনুষ্ঠান করতে পেরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।

২০ ও ২১ নভেম্বর ভোইরিমবঙের মদন কুরকালাং ক্রীড়া প্রকল্পে বসবে দু’দিনের এই সঙ্গীত উৎসব। প্রথম দিন দর্শন রাওয়ালের পাশাপাশি মঞ্চে থাকবেন মার্কিন র‌্যাপার নেলি, পপ-রক ব্যান্ড বয়েজ লাইক গার্লস এবং ইলেকট্রনিক সঙ্গীত জুটি অল্টেগো।

দ্বিতীয় দিন অনুষ্ঠান করবেন আর অ্যান্ড বি শিল্পী খালিদ, র‌্যাপার সুয়ে লি, সুইডিশ ইলেকট্রনিক সঙ্গীত জুটি গ্যালান্টিস এবং রেট্রো-পপ শিল্পী এলিয়ট জেমস রে। উত্তর-পূর্বাঞ্চল ও দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী এবং ব্যান্ডও সঙ্গীত পরিবেশন করবেন।

সঙ্গীতের পাশাপাশি উৎসবে স্থানীয় খাবারের মেলা, শিল্প প্রদর্শনী, ফ্যাশন শো, কসপ্লে প্রতিযোগিতা, বিটবক্সিং, আর্ম রেসলিং এবং বিভিন্ন ফিটনেস চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে।

এক দিনের সাধারণ প্রবেশের টিকিটের দাম শুরু ৩,১৯৯ টাকা থেকে। সাধারণ বিভাগের দু’দিনের পাসের দাম শুরু ৬,১৯৯ টাকা থেকে। ভিআইপি, ফ্যানপিট, ভিআইপি প্লাস, ব্যাকস্টেজ ও সিবি লাউঞ্জ-সহ বিভিন্ন বিভাগের টিকিটও রয়েছে। টিকিটের দামের সঙ্গে ১৮ শতাংশ জিএসটি এবং বুকিং ফি অন্তর্ভুক্ত রয়েছে।