মরাণ, ১৯ নভেম্বর: তাই আহোম জনগোষ্ঠীর পরিচয় ঘিরে সাম্প্রতিক বিতর্কে তাঁর কোনও ভূমিকা নেই বলে স্পষ্ট করলেন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ যোগেন মহন। তাঁর দাবি, ১৫ নভেম্বর চরাইদেউ জেলার জজলী গড়কুশ লাচিত প্রেক্ষাগৃহে আয়োজিত আহোম মহন্ত, দেওধাই ও বাইলুঙদের বংশাবলি সংক্রান্ত অধিবেশনে তিনি কেবল আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন।
মরাণে একটি বৈঠকের পরে তিনি বলেন, অনুষ্ঠানটির উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আগে থেকে অন্য কর্মসূচি থাকায় নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। কিছু সময়ের জন্যই তিনি অনুষ্ঠানস্থলে গিয়েছিলেন বলে জানান যোগেন।
মাত্র পাঁচ মিনিট বক্তব্য রেখে ফুটবল খেলার কর্মসূচিতে চলে গিয়েছিলাম।
যোগেনের বক্তব্য, অনুষ্ঠানে তিনি স্বর্গদেউ চাওলুং চুকাফার আদর্শ মেনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। জনগোষ্ঠীকে ভাগ করার যে কোনও চেষ্টা ক্ষতিকর বলেও তিনি সতর্ক করেছিলেন বলে দাবি তাঁর। অধিবেশনের সভাপতি, সম্পাদক বা অভ্যর্থনা কমিটি পরে কী সিদ্ধান্ত নিয়েছে বা কী বক্তব্য রেখেছে, তা তাঁর জানা নেই বলেও জানান তিনি।
বংশাবলি সংক্রান্ত অধিবেশনের কোনও কমিটি, কার্যনির্বাহী কমিটি বা উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি ছিলেন না বলে জানান যোগেন। তাই অধিবেশনের পরবর্তী সিদ্ধান্ত বা কোনও বিশেষ পরিচয় গঠনের চেষ্টায় তাঁকে জড়ানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০০৫ সালে তাই আহোম ছাত্র সংস্থা দু’ভাগে বিভক্ত থাকার সময়ে বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় সংগঠনটিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। ড. দয়ানন্দ বরগোহাঁই, মনোরঞ্জন ফুকন এবং পূর্বাঞ্চলের নেতাদের সহযোগিতায় ঐক্যের জন্য কাজের কথাও উল্লেখ করেন তিনি।
তাই আহোম জনগোষ্ঠীর ঐক্য এবং জনজাতিকরণের দাবির প্রতি তিনি সর্বদাই দায়বদ্ধ বলে দাবি যোগেনের। প্রয়োজনে রাজ্যসভাতেও অসমের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি তুলতে তিনি প্রস্তুত বলে জানান।
যোগেনের দাবি, মরাণের বৈঠকে আটাছুর সভাপতি মিলন বরগোহাঁই, পূর্বাঞ্চল তাই সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিজয় রাজকোঁৱর, ড. রত্নগোপাল-সহ একাধিক তাই আহোম সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাই আহোম গণমঞ্চ, মহন্ত-দেওধাই-বাইলুঙ সংক্রান্ত সংগঠন ও পণ্ডিত পরিষদের প্রতিনিধিদের কাছেও তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে জানান।
১৫ নভেম্বরের অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে কোনও সংগঠন বা ব্যক্তি অসন্তুষ্ট হয়ে থাকলে তিনি দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি মিটিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কি না, সে বিষয়ে নিশ্চিত মন্তব্য না করলেও অযথা তাঁকে বিতর্কে না জড়ানোর অনুরোধ করেন যোগেন।