তিনসুকিয়া: যাত্রীবাহী বাসের চালক হেলমেট পরেননি বলে অভিযোগ তুলে ১,০০০ টাকার ই-চালান জারি হয়েছে। ঘটনাটি উপরি অসমের তিনসুকিয়া ও ডিব্রুগড়ের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসকে ঘিরে।

ই-চালানে মোটরযান আইন লঙ্ঘনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাসটির চালক হেলমেট পরেননি। সেই অভিযোগেই ১,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়।

পরে জরিমানার টাকা জমা দিতে গিয়ে চালানে উল্লিখিত অভিযোগ দেখে বিস্মিত হন বাসের মালিক। চার চাকার যাত্রীবাহী বাসের চালকের হেলমেট না পরার অভিযোগে জরিমানা হওয়ায় তিনি হতবাক হয়ে যান।

এই অস্বাভাবিক ই-চালান ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যাত্রীবাহী বাসের ক্ষেত্রে হেলমেট না পরার অভিযোগ কী ভাবে নথিভুক্ত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এটি পরিবহণ দফতরের কারিগরি ত্রুটি, না কি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।