নতুন দিল্লি, ১৯ নভেম্বর: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ। বুধবারের ওই ঘটনায় কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন।

২৫ সেকেন্ডের একটি ভিডিওয় দেখা গিয়েছে, টার্মিনাল ৩-এর প্রবেশপথে মোতায়েন নিরাপত্তারক্ষীর বাধা অতিক্রম করে এক ব্যক্তি ভিতরে ঢোকার চেষ্টা করছেন। কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান তাঁকে বাধা দিলে তিনি ওই জওয়ানকে ঠেলে ভিতরে এগোনোর চেষ্টা করেন।

এর পরে এক সশস্ত্র সিআইএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে সহকর্মীর সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেন। কুইক রেসপন্স টিমের সদস্যেরাও অভিযানে সাহায্য করেন।

সিআইএসএফ জানিয়েছে, দ্রুত ওই ব্যক্তিকে আটক করায় অননুমোদিত প্রবেশ এবং সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকি রোখা গিয়েছে।

সিআইএসএফের দাবি, ওই ব্যক্তির কাছে টার্মিনাল ৩-এ প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ যাত্রার নথি ছিল না। বিমানবন্দরের টার্মিনালে ঢোকার আগে যাত্রীদের বৈধ যাত্রার নথি ও পরিচয়পত্র পরীক্ষা করা হয়। বিমানবন্দরের কর্মীদেরও প্রবেশের সময় পরিচয়পত্র দেখাতে হয়।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে সশস্ত্র সন্ত্রাসদমন নিরাপত্তার দায়িত্ব পালন করে সিআইএসএফ। আটক ব্যক্তির পরিচয় এবং তিনি কেন জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছিলেন, তা এখনও জানা যায়নি।