ডিগবই: ২৬তম ইন্ডিয়ান অয়েল সার্ভো মাস্টার্স গলফ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে যুগ্ম শীর্ষে রয়েছেন কাপুরথলার যুবরাজ সিং, মহউয়ের ওমপ্রকাশ চৌহান এবং বেঙ্গালুরুর রনিল কুকার। ঐতিহাসিক ডিগবই গলফ লিঙ্কসে তিন জনের স্কোরই সমান।

চতুর্থ স্থান থেকে শীর্ষে উঠে আসা যুবরাজ তৃতীয় রাউন্ডে ৫ আন্ডার ৬৭ কার্ড করেছেন। তাঁর তিন রাউন্ডের স্কোর ৬৮-৭০-৬৭।

আগের রাউন্ডের যুগ্ম নেতা ওমপ্রকাশ তৃতীয় দিনে ২ আন্ডার ৭০ করেছেন। তাঁর কার্ডে ছিল ছ’টি বার্ডি, পার-৩ দশম হোলে একটি ডাবল বগি এবং দু’টি বগি। তাঁর তিন রাউন্ডের স্কোর ৬৭-৬৮-৭০।

রনিলও ২ আন্ডার ৭০ কার্ড করে শীর্ষস্থান ধরে রেখেছেন। পাঁচটি বার্ডি ও তিনটি বগি করেছেন তিনি। তাঁর স্কোর ৭০-৬৫-৭০।

বাংলাদেশের মহম্মদ রাজু তৃতীয় রাউন্ডে ৪ আন্ডার ৬৮ করে একক চতুর্থ স্থানে উঠেছেন। পাঁচটি বার্ডি ও একটি বগির সাহায্যে তাঁর মোট স্কোর ৯ আন্ডার ২০৭। তিনি অষ্টম স্থান থেকে উঠে এসেছেন।

দিনের সবচেয়ে বড় উত্থান মুম্বইয়ের আর্যমন আদিত্য মোহনের। পার-৫ সপ্তম হোলে একটি ঈগল, আটটি বার্ডি ও তিনটি বগির সাহায্যে ৭ আন্ডার ৬৫ করেছেন তিনি। যুগ্ম ২৫তম স্থান থেকে উঠে এসে মোট ৮ আন্ডার ২০৮ স্কোরে তিনি এখন যুগ্ম পঞ্চম স্থানে।

চণ্ডীগড়ের অক্ষয় শর্মাও ৬ আন্ডার ৬৬ করে আর্যমনের সঙ্গে যুগ্ম পঞ্চম স্থানে রয়েছেন।

ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইয়ে ১১ বারের বিজয়ী ওমপ্রকাশ ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুরের প্রাক্তন বিজয়ী এবং ২০২৩ সালের ডিপি ওয়ার্ল্ড পিজিটিআই র‌্যাঙ্কিংস চ্যাম্পিয়ন। ১ কোটি টাকা পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায় খেতাবের লড়াই জমে উঠেছে।