বকো: দক্ষিণ কামরূপের বকোর লামপাড়া হাইস্কুলে বৃহস্পতিবার দিনভর বিজ্ঞান সমারোহের আয়োজন করে বনগাঁও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র। অসম সরকারের বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পরিষদের পরিচালনায় কেন্দ্রটির উদ্যোগে অনুষ্ঠানটি হয়।

পড়ুয়াদের জন্য বিজ্ঞানভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা, ব্যানার আঁকা, বিজ্ঞানের মডেল প্রদর্শন এবং বিজ্ঞানভিত্তিক ধারণা প্রস্তুতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বনগাঁও ব্লকের অন্তর্গত ১৬টি স্কুলের প্রায় শতাধিক প্রতিযোগী পড়ুয়া এতে অংশ নেয়।

বনগাঁও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ক রঞ্জনজ্যোতি কলিতার তত্ত্বাবধানে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কয়েকজন বিজ্ঞান শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন।

বিকেলে সমারোহের উদ্বোধন ও পুরস্কার বিতরণী সভা হয়। উদ্দেশ্য ব্যাখ্যা করেন রঞ্জনজ্যোতি কলিতা। সভায় সভাপতিত্ব করেন লামপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবীণ কলিতা।

বিভিন্ন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব দেখানো পড়ুয়াদের মানপত্র, বই ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয়গাঁও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ক তথা ছয়গাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষিকা কল্পনা কলিতা এবং গরৈমারী আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ক তথা মহিমারী হাইস্কুলের প্রধান শিক্ষক রমজানুল ইসলাম-সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।