গুয়াহাটি, ২২ নভেম্বর: প্রশাসনিক কাজকর্ম, দুর্যোগ মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব উপগ্রহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে অসম সরকার। প্রস্তাবিত প্রকল্পটির নাম অসমস্যাট আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে উপগ্রহের তথ্য কিনতে বর্তমানে পাঁচ বছরে রাজ্য সরকারের প্রায় ১,৭৭৫ কোটি টাকা খরচ হয়। অসমস্যাট প্রকল্পে পাঁচ বছরে আনুমানিক ৬০০ কোটি টাকা খরচ হবে বলে হিসাব করা হয়েছে। ফলে ওই খাতে প্রায় ৬৬ শতাংশ খরচ কমার সম্ভাবনা রয়েছে।

উপগ্রহের তথ্য এবং সংশ্লিষ্ট পরিষেবা দিয়ে পাঁচ বছরে প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আয়েরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

এই ব্যবস্থার সাহায্যে বন্যার আগাম সতর্কতা, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষিজমির মূল্যায়ন, ডিজিটাল কৃষি, নগর পরিকল্পনা, বনাঞ্চল ও জলাশয় সংরক্ষণ, সীমান্তবর্তী এলাকার মানচিত্র তৈরি এবং ব্রহ্মপুত্রের ভাঙন পর্যবেক্ষণেও এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হয়েছে।

বন্যার সময় জলমগ্ন এলাকা চিহ্নিত করা, বিপন্ন এলাকার তথ্য সংগ্রহ এবং নদীর গতিপথ ও পাড়ের পরিবর্তন নজরে রাখতেও উপগ্রহ ব্যবস্থা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ২০২৭ সালে প্রকল্পটি চালুর লক্ষ্য স্থির হয়েছে। তবে অসমস্যাট এখনও প্রস্তাবিত প্রকল্প।