কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীকে নিয়ে বই লেখার ঘোষণা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শনিবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি জানান, সনিয়া গান্ধীর রাজনৈতিক জীবন এবং কংগ্রেসের সঙ্গে জড়িত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে বইটি লেখা হবে।

দুবের দাবি, বইটি শুধু সনিয়া গান্ধীকে আক্রমণ করার জন্য লেখা হবে না। তাঁর রাজনৈতিক যাত্রার বিস্তৃত বিবরণ থাকবে সেখানে। সেই সঙ্গে ১০টি প্রশ্নের উত্তর খোঁজা হবে বলেও তিনি জানিয়েছেন।

তাঁর তোলা প্রশ্নগুলির মধ্যে রয়েছে, সনিয়া গান্ধী কী ভাবে মারুতির মালিক হয়েছিলেন, ন্যাশনাল হেরাল্ড কী ভাবে কেনা হয়েছিল, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ে সনিয়ার প্রভাব বেশি ছিল কি না এবং বোফর্স কেলেঙ্কারির প্রকৃত ঘটনা কী।

ম্যানেকা গান্ধীর সঙ্গে সনিয়া গান্ধীর সংঘাতের কারণ, প্রধানমন্ত্রীর বদলে পরিবারের সঙ্গে সনিয়ার চিন অলিম্পিকে যাওয়ার কারণ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সঙ্গে তাঁর বিরোধের বিষয়ও বইটিতে আলোচিত হবে বলে দুবে জানিয়েছেন।

এ ছাড়া ১৯৯৯ সালে কোন কংগ্রেস নেতা সনিয়া গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সীতারাম কেশরীর ধুতি নিয়ে কী ঘটনা ঘটেছিল এবং রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যে কাকে রাজনৈতিক ভাবে সনিয়া বেশি পছন্দ করেন— এই বিষয়গুলিও বইয়ে থাকবে বলে দাবি করেছেন তিনি।

এর আগেও মারুতির সঙ্গে সনিয়া গান্ধীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুবে। তাঁর দাবি, সনিয়া মারুতির ম্যানেজিং ডিরেক্টর এবং ৫০ শতাংশ অংশীদার ছিলেন। ১৯৭০ সালে সঞ্জয় গান্ধী সনিয়া গান্ধীর সঙ্গে যুক্ত মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন। তবে মারুতির মালিকানা ও সনিয়ার সঙ্গে সংস্থাটির সম্পর্ক নিয়ে দুবের বক্তব্যগুলি তাঁর নিজস্ব দাবি ও অভিযোগ।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত মারুতি কী ভাবে ১৯৬৮ সালেই গাড়ি তৈরির জন্য কেন্দ্রের অনুমোদন পেয়েছিল, সেই প্রশ্নও তুলেছেন দুবে। বইটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।