নয়াদিল্লি, ২২ নভেম্বর: বিজেপি ও আরএসএসকে ‘অসভ্য, লোভী, জাতিবাদী এবং পুরুষতান্ত্রিক’ বলে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সমাজমাধ্যম এক্সে অর্ধনারীশ্বরের একটি ভাস্কর্যের ছবি শেয়ার করে এই মন্তব্য করেন তিনি।
রাহুলের দাবি, ভারতীয় আধ্যাত্মিক ও ধর্মীয় পরম্পরার গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর উপলব্ধি আরও স্পষ্ট হচ্ছে। বিজেপি ও আরএসএসের ভারতীয় আধ্যাত্মিক এবং ধর্মীয় পরম্পরা সম্পর্কে কোনও বোধ নেই বলেও অভিযোগ করেছেন তিনি।
হিন্দু ধর্মীয় পরম্পরায় অর্ধনারীশ্বর হলেন শিব ও পার্বতীর মিলিত রূপ। ওই মূর্তির এক দিক পুরুষ এবং অন্য দিক নারীসত্তার প্রতীক।
এর আগে, মা সনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ-অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে রাহুলের মন্তব্য ঘিরে সমালোচনা হয়েছিল। শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেছিলেন, তাঁর বাবা-মা একসঙ্গে খাওয়ার সময় তাঁর মা বাবার কোলে বসতেন।
ওই মন্তব্যের জন্য রাহুলকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এক্সে পোস্ট করে তাঁকে কটাক্ষ করেন।
এরও আগে শিবের কোলে বসে থাকা পার্বতীর দ্বাদশ শতকের একটি মন্দির-ভাস্কর্যের ছবি শেয়ার করেছিলেন রাহুল। তাঁর বক্তব্য ছিল, ভয়, রাগ ও ঘৃণা বিজেপি-আরএসএস সমর্থকদের মনে এমন জাল তৈরি করেছে যে তাঁরা ভালবাসা প্রকাশ করতে পারছেন না। নিজেকে প্রকৃত হিন্দু বলে উল্লেখ করে সেই জাল থেকে তাঁদের মুক্ত করাকে নিজের কর্তব্য বলেও মন্তব্য করেছিলেন তিনি।
রাহুলের মন্তব্যকে সমর্থন করে কংগ্রেসও সমাজমাধ্যমে পোস্ট করেছে। দলের বক্তব্য, ভালবাসা লুকিয়ে রাখার বিষয় নয়, স্নেহ দুর্বলতা নয় এবং জীবনসঙ্গীকে সমান মর্যাদা দেওয়ার মধ্য দিয়েই সমতার শুরু হয়।