গুয়াহাটি: মাদক চক্র থেকে আসা টাকায় বিজেপির সাংগঠনিক কাজকর্ম চলে বলে অভিযোগ করলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। শনিবার গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের মাদকবিরোধী অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গৌরবের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে মাদক চক্র থেকে বিজেপি লাভবান হচ্ছে। তাঁর বক্তব্য, মাঝেমধ্যে গ্রেফতারির মাধ্যমে অভিযানের ছবি তুলে ধরা হলেও সমস্যার মূল কারণগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা হয়নি।

উজনি অসমে মাদক চক্রের নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির অন্দরেই ক্ষমতার সংঘাত চলছে বলে দাবি করেন গৌরব গগৈ।

পুলিশি অভিযানের পরেও মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন একাংশের মুক্তি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, চক্রের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরি হয়েছে। মণিপুরের একটি ঘটনার উল্লেখ করে গৌরব দাবি করেন, এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে ধৃত একাংশকে মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন যাওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। বিজেপির একাংশ নেতার সঙ্গে মাদক সংক্রান্ত কার্যকলাপের যোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই দাবিগুলির স্বতন্ত্র প্রমাণের উল্লেখ নেই।

মাদকাসক্তি নিয়ে যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়াতে এনএসইউআই রাজ্য জুড়ে অভিযান শুরু করবে বলেও জানান কংগ্রেস নেতা। মাদকাসক্তদের জন্য বাস্তবসম্মত পুনর্বাসন নীতি তৈরির দাবি জানিয়ে চিকিৎসক, পুনর্বাসন বিশেষজ্ঞ এবং পুলিশের পরামর্শ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান তিনি।

কাজিরাঙার রঙাজানের সাম্প্রতিক পথ দুর্ঘটনা নিয়েও সরকারকে নিশানা করেন গৌরব। কহরায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকায় চিকিৎসকের অভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দুর্ঘটনার পরে উন্নত জরুরি চিকিৎসা পরিষেবা মিললে হয়তো অনেকের প্রাণ বাঁচানো যেত। স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী পরিবহণ দফতরের উপর দায় চাপিয়েছেন বলেও তাঁর অভিযোগ।

সাংবাদিক সম্মেলনে অসম বিধানসভার বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরী এবং অসম প্রদেশ কংগ্রেস সেবা দলের সভাপতি দীপ বায়েন উপস্থিত ছিলেন।