মাজুলীর পর্যটনে নতুন সংযোজন হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের প্রথম দোতলা পর্যটক বাস ‘পুষ্পক’। ঐতিহাসিক শ্রীশ্রী আউনীআটী সত্রের উদ্যোগে আনা এই বাসটির পরিষেবা ২৫ নভেম্বর সত্র থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হওয়ার কথা জানানো হয়েছে।
আউনীআটী সত্রের সত্রাধিকর ডঃ পীতাম্বর দেব গোস্বামী বলেন, লন্ডন সফরে দোতলা বাসে যাত্রার অভিজ্ঞতা থেকেই মাজুলীর জন্য এমন বাস চালুর ভাবনা তাঁর মাথায় আসে। মাজুলীর পর্যটনকে নতুন মাত্রা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“শুধু লন্ডনেই নয়, মাজুলীতেও চলবে দোতলা বাস”— বলেছেন ডঃ পীতাম্বর দেব গোস্বামী।
পঞ্জাবের জলন্ধরে বিশেষ ভাবে তৈরি মেরুন রঙের বাসটির উচ্চতা প্রায় ১৪ ফুট ৬ ইঞ্চি। সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত বাসটিতে ৪০টি আসন এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বড় বড় জানলা রয়েছে।
রাস উৎসবের প্রাক্কালে বাসটি মাজুলীতে পৌঁছেছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটক ও ভক্তেরা মাজুলীর ঐতিহাসিক সত্রগুলি ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন দ্বীপের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সৌন্দর্য।
২৪ নভেম্বর থেকে বাসটির পর্যটক পরিষেবা শুরু হওয়ার কথা জানানো হলেও, ২৫ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ধার্য হয়েছে। বাসটির নির্দিষ্ট রুট, স্টপেজ, ভাড়ার হার এবং সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।