গুয়াহাটি, ২৩ নভেম্বর: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে সর্বধর্ম প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়। প্রয়াত নেতার কর্মময় জীবন, জনসেবার আদর্শ এবং অসমের অর্থনীতি, সমাজ ও সার্বিক উন্নয়নে তাঁর অবদান স্মরণ করেন কংগ্রেস নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সাংসদ বলীন কুলী, বিধানসভায় বিরোধী দলের প্রাক্তন নেতা দেবব্রত শইকীয়া এবং অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ টংক বাহাদুর রায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে তরুণ গগৈয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রীমদ্ভগবদ্গীতা, পবিত্র কোরআন ও বাইবেল পাঠের মাধ্যমে সর্বধর্ম প্রার্থনার পর স্মরণসভা হয়।

সভায় তরুণ গগৈয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বলেন, ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিন সাংসদ হলেও তাঁর বাবার বিরুদ্ধে কখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোর হলেও ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত হৃদয়বান ছিলেন বলেও দাবি করেন গৌরব।

স্বচ্ছতা ও সরলতাই ছিল তরুণ গগৈয়ের জীবনের অন্যতম মূলধন। তিনি কখনও নিজের নীতি থেকে সরে আসেননি এবং নতুন প্রজন্মকে সব সময় এগিয়ে রাখার পক্ষপাতী ছিলেন।

গৌরব গগৈ বলেন, তাঁর বাবার বহু স্বপ্ন এখনও অপূর্ণ রয়েছে। দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিশ্বের নানা প্রান্তে পরিবর্তনের হাওয়া বইছে এবং ভারতের নতুন প্রজন্ম রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তাঁর বক্তব্য, জেন জি ইতিবাচক পরিবর্তন চাইছে।

ভোট চুরির অভিযোগ তুলে গৌরব বলেন, দেশের মানুষ ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন চাইছেন। সংবিধান রক্ষার লক্ষ্যে ২৬ নভেম্বর দেশ জুড়ে জনজাগরণ কর্মসূচি নেবে কংগ্রেস বলেও তিনি জানান।

বলীন কুলী বলেন, মানুষের মন বুঝতে পারার ক্ষমতার জন্যই তরুণ গগৈ অসমের ধনী-দরিদ্র সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দেবব্রত শইকীয়া তাঁকে শান্তি ও প্রগতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে চলা সর্বজনগ্রাহ্য নেতা বলে উল্লেখ করেন। প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন ডেকা তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি স্মরণ করে বিধানসভায় তাঁর ভাষণের সংকলন গ্রন্থাকারে প্রকাশের দাবি জানান।

টংক বাহাদুর রায় দুর্নীতির বিরুদ্ধে তরুণ গগৈয়ের আপসহীন অবস্থানের কথা বলেন। মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরেন। সভায় বিধায়ক আব্দুছ ছোবাহান আলী সরকার, প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা, আমিনুল ইসলাম, বিনন্দ শইকীয়া, প্রাক্তন বিধায়িকা নন্দিতা দাস-সহ কংগ্রেসের বিভিন্ন শাখার নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।