রঙ্গিয়া, ২৩ নভেম্বর: রঙ্গিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডকে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন বা বিটিআরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ব্যানার-প্ল্যাকার্ড হাতে শতাধিক পুরুষ ও মহিলা মিছিল করেন।

ইসগেট চৌক থেকে মিছিল শুরু হয়ে রঙ্গিয়ার সহ-জেলাশাসকের দফতরে পৌঁছয়। পরে বিক্ষোভকারীরা ওই দফতর ঘেরাও করে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, চিরাখুন্দী রাজস্ব গ্রামের ১০ নম্বর ওয়ার্ড এবং ৫ নম্বর ওয়ার্ডের একাংশকে রঙ্গিয়া রাজস্ব চক্র থেকে গোরেশ্বর রাজস্ব চক্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, রঙ্গিয়া পৌরসভার পরিসর সংশোধন করে ১০ নম্বর ওয়ার্ডটি বিলুপ্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

এই সিদ্ধান্ত মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, কোনও অবস্থাতেই ১০ নম্বর ওয়ার্ডকে বিটিআরে অন্তর্ভুক্ত করা চলবে না।