ডিগবইয়ের নাজিরাটিংয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম গঙ্গা ছবর। তিনি ভাকু বস্তির বাসিন্দা ছিলেন।

রাতে নিজের ধানখেত বুনো হাতির হাত থেকে বাঁচাতে খেতের মাঝখানে মাচাঘরে পাহারা দিচ্ছিলেন গঙ্গা। রাত প্রায় ২টো নাগাদ জঙ্গল থেকে কয়েকটি বুনো হাতি বেরিয়ে খেতে ঢুকে ধান খেতে শুরু করে। তা দেখে তিনি চিৎকার করেন।

এর পর উত্তেজিত হাতির দলটি মাচাঘরটি ভেঙে ফেলে এবং গঙ্গাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরে সরব হয়েছে গোর্খা ছাত্র সংগঠন। সংগঠনের অভিযোগ, ওই এলাকায় বুনো হাতির হামলায় ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। হাতির উপদ্রবে বহু ধানখেত ও বাড়িঘরেরও ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। তা সত্ত্বেও বন দফতর সমস্যাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ সংগঠনের।

জঙ্গলের লাগোয়া এলাকায় হাতির প্রবেশ ঠেকাতে বিপুল অর্থ খরচ করে বসানো বৈদ্যুতিক বেড়া তৈরির কাজেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে সংগঠনটি। দ্রুত মৃত কৃষকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং হাতি-মানুষ সংঘাত ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি বন দফতরের কাছে জানিয়েছে তারা।