মার্ঘেরিটা: ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে তিনসুকিয়া জেলার মার্ঘেরিটায়। সরকারি সুবিধাভোগী তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও আর্থিক সাহায্য পাননি বলে অভিযোগ নন্দেশ্বর দাসের পরিবারের।
মার্ঘেরিটা রাজস্ব চক্রের অন্তর্গত ডিবং ফাকিয়াল (রাদ্দুবা) গ্রামের বাসিন্দা নন্দেশ্বর দাসের পরিবারটি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও তাঁরা ক্ষতিপূরণ পাননি।
পরিবারের অভিযোগ, তিনসুকিয়া জেলাশাসকের দফতরের এক আধিকারিক তাঁদের বাড়িতে এসে ছবি তোলার সময় ১ লক্ষ ২০ হাজার টাকার একটি চেক দিয়েছিলেন। তখন তাঁদের জানানো হয়েছিল, সরকারি সুবিধাভোগী তালিকাতেও পরিবারের নাম রয়েছে। কিন্তু ওই টাকা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি বলে দাবি পরিবারের।
শুধু নন্দেশ্বর দাসের পরিবার নয়, এলাকার আরও কয়েকটি বন্যাদুর্গত পরিবারও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলেছে। অভিযোগকারীদের মধ্যে মায়া দাস, খলিলুর রহমান, আব্দুল কালাম এবং ধন দাসের নাম রয়েছে।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন নন্দেশ্বর দাস। সরকারি সাহায্যের আশায় পরিবারের সদস্যেরা বিভিন্ন দফতরে বার বার যোগাযোগ করেও কোনও ফল পাননি বলে জানিয়েছেন।
ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের তদন্ত করে দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে পরিবারটি।
পরিবারটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপও চেয়েছে। তবে অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট দফতর বা জেলা প্রশাসনের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।