গুয়াহাটি, ২২ নভেম্বর: বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ অভিযানের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর, সংবিধান দিবসে অসম-সহ দেশজুড়ে ‘সংবিধান রক্ষা পদযাত্রা’ করবে কংগ্রেস। ওই দিন সকাল ১১টায় গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে কর্মসূচিটি হবে বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি বেদব্রত বরা।
শনিবার গুয়াহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের সহ-পর্যবেক্ষক মনোজ চৌহান বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের সহযোগী দলগুলি গত কয়েক মাস ধরে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মিলে ভোট চুরির মাধ্যমে সরকার গড়েছেন এবং দেশের গণতন্ত্র লুট করছেন—অভিযোগ মনোজ চৌহানের।
চৌহানের আরও অভিযোগ, ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতিকে নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরে সংসদে আইন করে প্রধান বিচারপতির বদলে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করে সেই রায় বদলে দিয়েছে কেন্দ্র, দাবি তাঁর।
২৬ নভেম্বর প্রতিটি রাজ্যের সদর দফতরে পদযাত্রা হবে বলে জানিয়ে চৌহান গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী সকলকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। কংগ্রেসের তিনটি দাবিও তিনি তুলে ধরেন—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ১৩ কোটি ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া সংক্রান্ত সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া বাতিল এবং ভবিষ্যতের সব লোকসভা ও বিধানসভা নির্বাচন ব্যালট পেপারে করা।
সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি বেদব্রত বরা উপস্থিত ছিলেন। ছিলেন দলের সামাজিক মাধ্যম বিভাগের সভাপতি ঋতুপর্ণ কোঁওর এবং সম্পাদক ঘন চুতীয়া।